
কক্সবাজারের পেকুয়ায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পেকুয়ার সিকদারপাড়া এলাকার মো. রিশাদ (২০) ও মো. শানিত (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, মাদকের অপব্যবহার যুবসমাজ ও পরিবারের জন্য ক্ষতিকর। তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, মাদকদ্রব্যের ব্যবহার রোধ ও তরুণদের অনলাইন জুয়া থেকে বিরত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সপ্তাহে তিন দিন মাদক ও অনলাইন জুয়া বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে।